ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সরকারি সফরে বিনা ফিতে অফিসিয়াল পাসপোর্ট, ব্যক্তিগত ভ্রমণেও রয়েছে সুবিধা

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৭:৫১ পিএম সরকারি সফরে বিনা ফিতে অফিসিয়াল পাসপোর্ট, ব্যক্তিগত ভ্রমণেও রয়েছে সুবিধা

সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের বিনা ফিতে অফিসিয়াল পাসপোর্ট দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও নবম ও তদূর্ধ্ব গ্রেডের স্থায়ী কর্মকর্তাদের অফিসিয়াল পাসপোর্ট পাওয়ার সুযোগ দিয়েছে সরকার।

সরকারি কাজে বিদেশ ভ্রমণ সহজীকরণ এবং অফিসিয়াল পাসপোর্ট ইস্যু সংক্রান্ত বিদ্যমান নির্দেশনা সংশোধন ও সমন্বয় করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নতুন নির্দেশনা জারি করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর জারি করা পরিপত্রে বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে কর্মরত রাজস্ব খাতভুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সরকারি আদেশের (জিও) ভিত্তিতে বিনা ফিতে অফিসিয়াল পাসপোর্ট পাবেন।

তবে ব্যক্তিগত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেলের নবম ও তদূর্ধ্ব গ্রেডভুক্ত স্থায়ী কর্মকর্তারা জিও অথবা অনাপত্তি সনদের (এনওসি) ভিত্তিতে নির্ধারিত ফি দিয়ে অফিসিয়াল পাসপোর্ট নিতে পারবেন।

জাতীয় সংসদ, সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, সরকারি কর্ম কমিশন এবং বাংলাদেশ ব্যাংকে কর্মরত কর্মকর্তাদের ক্ষেত্রেও একই সুবিধা রাখা হয়েছে।


স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় করপোরেশন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং বিশেষ আইনে গঠিত কমিশন বা কর্তৃপক্ষের নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা সরকারি কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের জারিকৃত জিওর ভিত্তিতে বিনা ফিতে অফিসিয়াল পাসপোর্ট পাবেন। ব্যক্তিগত কাজে তাদের জিও অথবা এনওসির ভিত্তিতে নির্ধারিত ফি দিয়ে সাধারণ পাসপোর্ট নিতে হবে।

সরকারি উন্নয়ন প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত এবং উন্নয়ন খাত থেকে বেতন-ভাতা গ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কাজে জিওর ভিত্তিতে বিনা ফিতে এবং ব্যক্তিগত কাজে জিও বা এনওসির ভিত্তিতে নির্ধারিত ফি দিয়ে সাধারণ পাসপোর্ট দেওয়া হবে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষেত্রেও সরকারি কাজে জিওর ভিত্তিতে বিনা ফিতে এবং ব্যক্তিগত কাজে জিও বা এনওসির ভিত্তিতে নির্ধারিত ফি দিয়ে সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে।

পরিপত্রে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে জিওর ভিত্তিতে বিনা ফিতে এবং ব্যক্তিগত কাজে জিও অথবা এনওসির ভিত্তিতে নির্ধারিত ফি দিয়ে তাদের সাধারণ পাসপোর্ট দেওয়া হবে।

ব্যক্তিগত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে জিও বা এনওসির ভিত্তিতে সাধারণ ফিতে জরুরি সেবা এবং জরুরি ফিতে অতীব জরুরি সেবা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

 

সরকারি সফরে কোনো বেসরকারি ব্যক্তি অন্তর্ভুক্ত থাকলে তার অনুকূলেও জিওর ভিত্তিতে সাধারণ পাসপোর্ট ইস্যু করা যাবে। এ ক্ষেত্রে সাধারণ ফিতে জরুরি এবং জরুরি ফিতে অতীব জরুরি সেবা দেওয়ার বিধান রাখা হয়েছে।

বিদেশস্থ মিশনে কর্মরত নন-ডিপ্লোমেটিক কর্মকর্তা-কর্মচারীদের স্পাউস ও অনধিক ২৫ বছর বয়সী সন্তানদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এনওসি সাপেক্ষে তাদের পাঁচ বছর মেয়াদি অফিসিয়াল পাসপোর্ট বিনা ফিতে দেওয়া হবে। মিশনে কর্মকাল শেষ হওয়ার পর এসব পাসপোর্ট সমর্পণ করতে হবে।

বিদেশস্থ মিশনে ডিপ্লোমেটিক পদমর্যাদায় পদায়নকৃত কর্মকর্তাদের ডমেস্টিক এইডদেরও নিয়োগসংক্রান্ত সরকারি অনুমোদন যাচাই করে নির্ধারিত ফি গ্রহণের মাধ্যমে পাঁচ বছর মেয়াদি অফিসিয়াল পাসপোর্ট দেওয়া যাবে। কর্মকাল শেষে তা সমর্পণ করতে হবে।

নতুন নির্দেশনায় অফিসিয়াল পাসপোর্টের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত মেয়াদ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) শেষ হওয়ার তারিখের মধ্যে যেটি পরে হবে, সেই তারিখ পর্যন্ত অফিসিয়াল পাসপোর্টের মেয়াদ থাকবে।

পিআরএল চলাকালে কোনো কর্মকর্তা চাইলে অফিসিয়াল পাসপোর্ট পরিবর্তন করে সাধারণ পাসপোর্ট নিতে পারবেন। তবে প্রাধিকারপ্রাপ্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা প্রাধিকার বহাল থাকা অবস্থায় শুধু অফিসিয়াল পাসপোর্ট ব্যবহার করবেন। সাধারণ পাসপোর্ট নিতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি প্রয়োজন হবে।


জিও ও এনওসি যাচাইয়ের জন্য প্রত্যেক মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থাকে একজন ফোকাল পয়েন্ট এবং একজন বিকল্প ফোকাল পয়েন্ট নির্ধারণ করতে বলা হয়েছে। তাদের হালনাগাদ তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা জিও ও এনওসি ইস্যুকারী কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

পরিপত্রে বলা হয়েছে, পূর্বের সব পরিপত্র, আদেশ ও নির্দেশনা সমন্বয় ও সংশোধন করে নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে। ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে এ পরিপত্র কার্যকর হয়েছে।

উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষরিত পরিপত্রে সরকারি কাজে বিদেশ ভ্রমণ ও পাসপোর্ট ইস্যু প্রক্রিয়াকে সহজ ও সুসংগঠিত করার লক্ষ্যে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র: বাসস।

কালের সমাজ/কে.পি

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!