ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে পরিত্যক্ত কারখানায় ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি,মানিকগঞ্জ | সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৯:০০ পিএম মানিকগঞ্জে পরিত্যক্ত কারখানায় ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় পরিত্যক্ত একটি কারখানায় ১৩টি ঘোড়া জবাই করে মাংস প্যাকেটজাতের অভিযোগে নয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে একজনকে এক বছর এবং আটজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সদর উপজেলার জাগীর পাট গবেষণা এলাকায় পরিত্যক্ত হাসান অ্যান্ড ব্রাদার্সের কারখানায় এ অভিযান চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখানে ১৩টি ঘোড়া জবাই করা অবস্থায় এবং একটি জীবিত ঘোড়া পাওয়া যায়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন।

 এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। রিক্তা খাতুন বলেন, ঘটনাস্থলে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত ও সরবরাহের প্রক্রিয়া চলছিল। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ২৪ ধারায় নয়জনকে সাজা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনকে মূল সমন্বয়কারী হিসেবে এক বছর এবং অন্য আটজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. মিজানুর রহমান, রুবেল, সোহেল রানা, ইমন হাসান, তুহিন, ইব্রাহীম খলিল, মাসুদ রানা, হুমায়ুন কবির ও মারুফ। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন বলেন, ঘোড়ার মাংস খাওয়া নিষিদ্ধ।

কালের সমাজ/কে.পি

Link copied!