ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ঈশ্বরগঞ্জে মা-বাবার অভিযোগে মাতাল ছেলের কারাদণ্ড

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৮:৫৩ পিএম ঈশ্বরগঞ্জে মা-বাবার অভিযোগে মাতাল ছেলের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় মা-বাবাকে মারধর ও নির্যাতনের অভিযোগে বেলাল মিয়া (৩০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত বেলাল মিয়া উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সরতাজ বহেড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে বিপথগামী হয়ে পড়ে। নেশার টাকার জন্য এবং নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই তার মা-বাবার সঙ্গে অশোভন আচরণ করত এবং শারীরিকভাবে নির্যাতন ও মারধর করত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার মা-বাবা ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগও করেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলাল মিয়া আবারও নেশাগ্রস্ত অবস্থায় মা-বাবার সঙ্গে অশোভন আচরণ ও মারধর করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ রানা উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

পরে চেয়ারম্যানের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঈশ্বরগঞ্জ থানার এসআই পঙ্কজ চন্দ্র দে সরকার, এএসআই শামসুজ্জোহা এবং তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ রানা উপস্থিত ছিলেন। অভিযানে বেলাল মিয়াকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয় এবং তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেলাল মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ রানা বলেন, বেলাল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার কারণে সে প্রায়ই নিজের মা-বাবার সঙ্গে খারাপ আচরণ ও মারধর করত। পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হলে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। মাদকের কারণে যেন কোনো পরিবারে এ ধরনের নির্যাতনের ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। মাদকের কারণে শুধু একজন ব্যক্তি নয়, পুরো পরিবারই ক্ষতিগ্রস্ত হয়। তাই মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার দাবি জানান তারা।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন বলেন, মাদকাসক্ত হয়ে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে বেলাল মিয়াকে আটক করা হয়। মাদক ও অপরাধের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, মাদকাসক্ত হয়ে মা-বাবাকে নির্যাতনের বিষয়টি অত্যন্ত গুরুতর। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে পরিবারের সদস্যদের প্রতি সহিংসতা বা নির্যাতনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।

কালের সমাজ/কে.পি

 

Link copied!