সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে চায়ের দোকানে তুচ্ছ বিরোধ থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামের এক ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের ‘রুচিরা বেকারি’র মালিক আব্দুল গফুরের ছেলে।
পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীন জানান, শুক্রবার রাতে জাকারিয়া প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। ওই সময় চায়ের দোকানে উপস্থিত এক ব্যক্তির সঙ্গে দোকানদারের বাগবিতণ্ডা ও কথাকাটাকাটি শুরু হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতিতে রূপ নিলে ও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকারিয়া তা থামাতে এগিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি ধারালো ছুরি দিয়ে জাকারিয়ার বুক ও পেটে একাধিক আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে জাকারিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
ঘটনার নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) মো. শহীদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীকে চিহ্নিত করতে আশপাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। অতি দ্রুততম সময়ের মধ্যে আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কালের সমাজ/কে.পি

