বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২৪ লিটার চোলাই বাংলা মদসহ একটি সিএনজি আটক করা হয়েছে। এ সময় সিএনজিতে থাকা চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাইশারী পিএইচপি মোড়ে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনুজরুল আহসানের নেতৃত্বে পরিচালিত নিয়মিত টহল দলের অভিযানে এসব মদ ও সিএনজি জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, রামু উপজেলার ২ নম্বর ওয়ার্ডের তুলাতলী গ্রামের মো. রফিকের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম (১৮), ঈদগাঁওয়ের ৩ নম্বর ওয়ার্ডের বাজার এলাকার মৃত মোহাম্মদ কালামের ছেলে মোহাম্মদ নয়ন (২৫), কক্সবাজার সদর উপজেলার ১ নম্বর ওয়ার্ডের মধ্যম কুতুবদিয়া এলাকার মো. জাফর আহমদের ছেলে মো. ইলিয়াস (২৭) এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ১ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের মো. হোসেনের ছেলে মোহাম্মদ আনোয়ার কালাম (২২)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তাঁরা নাইক্ষ্যংছড়ি সদর চাকপাড়া এলাকা থেকে আসছিলেন।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনুজরুল আহসান বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পরিবহন রোধে পুলিশ নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে কিংবা সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধারে আমরা তৎপর রয়েছি। মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। মাদকবিরোধী অভিযানে পুলিশের এমন তৎপরতায় স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। এলাকাবাসী মাদক পরিবহন ও পাচার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
কালের সমাজ/কে.পি

