কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই ভেঙে পড়েছে নবনির্মিত ড্রেনের একাধিক স্ল্যাব। উপজেলার ব্যস্ততম কুমিল্লা-মিরপুর সড়কের দক্ষিণ বাজার কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থানসংলগ্ন অংশে এ ঘটনা ঘটেছে। স্ল্যাব ভেঙে মরণফাঁদ তৈরি হওয়ায় তীব্র জনদুর্ভোগের পাশাপাশি শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বড় ধরনের দুর্ঘটনার আতঙ্ক বিরাজ করছে। এত অল্প সময়ে স্ল্যাব ধসে পড়ায় কাজের গুণগত মান ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন হাজার হাজার মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। আশপাশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও নিয়মিত যাতায়াতের প্রধান পথ এটি। প্রায় তিন মাস আগে সড়কটির সিসি ঢালাই ও পাশের ড্রেন নির্মাণকাজ সম্পন্ন হয়। কিন্তু এর মধ্যেই কেন্দ্রীয় কবরস্থানের পাশের অংশে ড্রেনের একাধিক স্ল্যাব ভেঙে ভেতরে দেবে গেছে, কোথাও আবার সৃষ্টি হয়েছে বিপজ্জনক ফাঁকা স্থান। ফলে অসতর্ক মুহূর্তেই পথচারী কিংবা যানবাহন দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা গাজী মোস্তফা কামাল বলেন, ‘মাত্র তিন মাস আগে লাখ লাখ টাকা ব্যয়ে সড়ক ও ড্রেনের কাজ করা হয়েছে। নির্মাণকাজের নিম্নমান ও যথাযথ তদারকির অভাবেই এত দ্রুত স্ল্যাবগুলো ভেঙে গেছে। সরকারি অর্থের এমন অপচয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি।’
পথচারী মিজানুর রহমান বলেন, ‘এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচল করেন। স্ল্যাব ভেঙে যাওয়ায় চরম ঝুঁকি নিয়ে পথ চলতে হচ্ছে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত ভাঙা অংশগুলো সংস্কার করা প্রয়োজন।’
জানতে চাইলে কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘ড্রেনের স্ল্যাব ভেঙে যাওয়ার বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয়দের দাবি, কেবল ভাঙা স্ল্যাব মেরামত করলেই চলবে না, বরং কাজের মান যাচাই করে ত্রুটির কারণ বের করতে হবে এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করে দ্রুত নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে হবে।
কালের সমাজ/কে.পি

