ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদগাঁওয়ে হানিফ বাসের চাপায় মুহূর্তেই প্রাণ গেল ৩ সিএনজি যাত্রীর, আহত মা-শিশুসহ ২

জেলা প্রতিনিধি, কক্সবাজার | নভেম্বর ২৪, ২০২৬, ১০:১৫ পিএম ঈদগাঁওয়ে হানিফ বাসের চাপায় মুহূর্তেই প্রাণ গেল ৩ সিএনজি যাত্রীর, আহত মা-শিশুসহ ২

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন তিন যাত্রী। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ ঘটনায় মা ও শিশুসন্তানসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা-সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুই যাত্রীকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিহত তিনজনের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে একজন মা ও তাঁর শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঈদগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা ও যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়ায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!