কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধ করাতকল ও বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি অবৈধ করাতকলের দুটি মেশিন জব্দ, প্রায় ২ লাখ ঘনফুট বালুর স্তূপ জব্দ এবং দুই ব্যক্তিকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে সন্দেহজনকভাবে আটক ২৫টি মহিষের বৈধ কাগজপত্র যাচাই শেষে মালিকদের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া বাজারসংলগ্ন এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স ছাড়াই অবৈধভাবে করাতকল পরিচালনার দায়ে মো. শাহ আলম (৪০) নামে এক ব্যক্তিকে করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। পাশাপাশি করাতকলের দুটি সচল মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনারের জিম্মায় দেওয়া হয়।
অন্যদিকে, একই এলাকায় সন্দেহজনকভাবে ২৫টি মহিষ আটক করে প্রশাসন। পরে মহিষের মালিকেরা প্রয়োজনীয় বৈধ কাগজপত্র উপস্থাপন করলে তা যাচাই-বাছাই শেষে মহিষগুলো তাঁদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এরপর কালিরছড়া ভুতিয়ারপাড়া কানচিরা ঘোনা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ২ লাখ ঘনফুট বালুর স্তূপ জব্দ করে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কালিরছড়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মমতাজ আহমদের ছেলে কাইয়ুম উদ্দিনকে (৪০) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ জরিমানার অর্থও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযানে ঈদগাঁও থানা-পুলিশ, আনসার সদস্য, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রামপুলিশ সদস্যরা সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা, অবৈধ কার্যক্রম প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কালের সমাজ/কে.পি

