নড়াইলের লোহাগড়া পৌরসভা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে সম্পূর্ণ সেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সৈয়দ শাহাজান সিরাজ (বিদ্যুৎ) এবং একই সঙ্গে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সৈয়দ শাহাজান সিরাজ (বিদ্যুৎ) সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া এক লিখিত বক্তব্যের মাধ্যমে এ ঘোষণা দেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ এবং পারিবারিক বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন। এসব কারণে তিনি স্বেচ্ছায় ও কারও প্ররোচনা ছাড়াই আওয়ামী লীগসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, লোহাগড়া পৌরসভা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে তার নামের পাশে উল্লেখ থাকা পদ থেকেও তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সৈয়দ শাহাজান সিরাজ বিদ্যুৎ বলেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং স্বেচ্ছায় নেওয়া। ভবিষ্যতে তিনি আওয়ামী লীগসহ কোনো রাজনৈতিক অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করেন। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ রয়েছে।
কালের সমাজ/কে.পি

