কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেপ্তারে যারা কার্যকর ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করা হবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিবাদ ও আওয়ামী শক্তির সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় আনতে যারা সক্ষম হবেন, তাদের পুরস্কৃত করা হবে। গত সপ্তাহে এ ধরনের দুজনকে এবং শুক্রবার আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের গোয়েন্দা সক্ষমতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে এসব ব্যক্তি দেশের ভেতরেই আত্মগোপনে ছিলেন। তাদের অবস্থান শনাক্তে পুলিশের গোয়েন্দা সহায়তা আরও কার্যকরভাবে ব্যবহারের নির্দেশ দেন তিনি।
দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে এমন ব্যক্তিদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বক্তব্যে তিনি দেশে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জাতিসংঘের হিসাবের উদ্ধৃতি দিয়ে এক মাসে প্রায় ১ হাজার ৪০০ বাংলাদেশি নিহত হওয়ার কথা উল্লেখ করেন। একই সঙ্গে গত ১৭ বছরে বিচারবহির্ভূত হত্যা, গুম ও হেফাজতে মৃত্যুর বিভিন্ন অভিযোগের বিষয়েও বক্তব্য দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ব্যাপক হত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের মতো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে জনগণের অবস্থান বিবেচনা করা প্রয়োজন। এসব ঘটনার পরও সংশ্লিষ্টদের পক্ষ থেকে দুঃখপ্রকাশ, অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফেরানোর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রতিবেশী দেশের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরত দেওয়ার জন্য চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট দেশের কাছে আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে। তারা স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে আইন অনুযায়ী তাদের বিচারিক প্রক্রিয়া চলবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

