ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

১৬ ঘণ্টা পর কর্ণফুলী কমিউটার ট্রেনের বগি উদ্ধার

জেলা প্রতিনিধি, কুমিল্লা | অক্টোবর ২২, ২০২৬, ১১:৩৪ এএম ১৬ ঘণ্টা পর কর্ণফুলী কমিউটার ট্রেনের বগি উদ্ধার

কুমিল্লার লাকসামে লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের বগিগুলো দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক ৪টার দিকে রিলিফ ট্রেনের সাহায্যে উদ্ধারকাজ শেষ হয়। তবে দুর্ঘটনাকবলিত এলাকায় রেললাইন মেরামতের কাজ এখনো চলছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন সংস্কার ও প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ করতে সকাল ১০টা পর্যন্ত সময় লাগতে পারে। এরপর ঢাকা-চট্টগ্রাম রুটের আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে লাকসামের নাওটি স্টেশনসংলগ্ন আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর থেকে রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

বর্তমানে উদ্ধারকাজ শেষ হলেও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চলছে। সংস্কারকাজ সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী স্বাভাবিক হবে ট্রেন চলাচল।

এর আগে বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে দুর্ঘটনার সাড়ে পাঁচ ঘণ্টা পর। দুর্ঘটনায় গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর সিনিয়র উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি।

কালের সমাজ/এসআর

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!