দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর ১১ সদস্যবিশিষ্ট আঞ্চলিক জোট আসিয়ানের শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফিলিপাইনে পৌঁছান। কোয়াড বৈঠকে অংশগ্রহণের পর তিনি যুক্তরাষ্ট্র-আসিয়ান ‘বিশেষ সম্মেলনে’ যোগ দেন।
আজ বুধবার তিনি ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি চীনের শেনজেন শহরের উদ্দেশে রওনা হবেন।
এদিকে, ম্যানিলায় টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা। এসব বিক্ষোভে ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন `প্যাক্স সিলিকা` সরবরাহব্যবস্থা উদ্যোগ বাতিলের দাবিও জানানো হয়েছে।
সোমবার আসিয়ান সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং মুক্ত বাণিজ্যের প্রতি বেইজিংয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, বাইরের হস্তক্ষেপ প্রতিহত করতে হবে এবং একসঙ্গে কাজ করতে হবে।"
চীন আসিয়ানের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং বিনিয়োগের অন্যতম প্রধান উৎস। তবে এই জোটের বৃহত্তম অর্থনীতির দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়।
আসিয়ানভুক্ত দেশগুলোর সম্মিলিত মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩.৯ ট্রিলিয়ন ডলারেরও বেশি। ট্রাম্প প্রশাসনের আমলে দীর্ঘস্থায়ী বাণিজ্যিক ও কূটনৈতিক অনিশ্চয়তা থাকা সত্ত্বেও এসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী।
মঙ্গলবার আসিয়ান নেতারা জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও ভারতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আঞ্চলিক অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা জোরদার এবং গুরুত্বপূর্ণ খনিজসহ বিভিন্ন পণ্যের সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে আসিয়ানের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
তাকাইচি বলেন,‘আন্তর্জাতিক ব্যবস্থা যখন ব্যাপক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন জাপান আরও সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ এদিকে, ট্রাম্প থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে বাণিজ্যবিষয়ক একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন।
ট্রাম্প জানান, থাইল্যান্ড যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যের ওপর আরোপিত সব শুল্ক প্রত্যাহার করবে এবং উল্লেখযোগ্য অশুল্ক বাণিজ্য প্রতিবন্ধকতাও দূর করবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। চলতি বছর থাইল্যান্ডের মোট রপ্তানির ২৪ শতাংশের গন্তব্য যুক্তরাষ্ট্র। ফলে যুক্তরাষ্ট্র থাইল্যান্ডের সবচেয়ে বড় রপ্তানি বাজার। সূত্র: রয়টার্স
কালের সমাজ/এসআর

