গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে কল্যাণ সভা এবং দুপুর ১২টায় সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, যিনি সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন।
কল্যাণ সভায় পুলিশ কমিশনার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও সমষ্টিগত সমস্যা, আবেদন এবং প্রয়োজনীয়তার কথা মনোযোগ দিয়ে শোনেন। এসব সমস্যা সমাধান ও আবেদন নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
এ সময় বক্তব্যে পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার আশ্বাস দেন পুলিশ কমিশনার। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার পাশাপাশি সেবা প্রত্যাশী জনগণকে মানসম্মত ও কাঙ্ক্ষিত সেবা প্রদানের জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। সভায় অবসরজনিত বিদায় উপলক্ষে দুই পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনাও দেওয়া হয়।
পরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গাজীপুর মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব ইউনিটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
সভায় জিএমপির বিভিন্ন ইউনিটে অনুদ্ঘাটিত মামলাগুলো উদ্ঘাটন করে দ্রুত নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে তামিল এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্ব পালনে সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ জিএমপির বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

