ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

গাজীপুর জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পে চেক বিতরণ

‎শারমীন সুলতানা মিতু, গাজীপুর | অক্টোবর ১৮, ২০২৬, ০২:০৪ পিএম গাজীপুর জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পে চেক বিতরণ

গাজীপুর জেলা পরিষদের অর্থায়নে ২০২৫-২০২৬ অর্থবছরে রাজস্ব বরাদ্দের আওতায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) গাজীপুর জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী (বার-এট-ল)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, গাজীপুর জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে পরিকল্পিতভাবে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত প্রয়োজন রয়েছে—এমন এলাকাগুলোকে উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও কাজের গুণগত মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থ জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। যেসব প্রকল্পের বিপরীতে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে, সেগুলোর কাজ যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

গাজীপুর জেলার বিভিন্ন এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও এগিয়ে নিতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রকল্পগুলোর অগ্রগতি ও গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরে জেলা পরিষদের রাজস্ব বরাদ্দের আওতায় গাজীপুর জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত অর্থের চেক সংশ্লিষ্টদের মধ্যে বিতরণ করা হয়।

কালের সমাজ/এসআর

Link copied!