ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের জন্য আগামী ৫ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হচ্ছে। নিবন্ধন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। আগামী ২ ফেব্রুয়ারি ২০২৭ অনুষ্ঠেয় সমাবর্তনে অংশ নিতে পারবেন নির্ধারিত শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা।
রোববার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সমাবর্তনকেন্দ্রিক নিবন্ধন উপকমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান।
তিনি জানান, প্রাথমিকভাবে সমাবর্তনের নিবন্ধন ফি ৫ হাজার টাকা এবং সনদ ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অতিথিদের ফি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং ২০১৫-১৬ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা এ সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন।
সমাবর্তন আয়োজন নির্বিঘ্ন করতে বিভিন্ন উপকমিটির মাধ্যমে প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।
কালের সমাজ/কে.পি

