মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে ৩৮টি জেলার ১১১ জন সংসদ সদস্যকে ডিও লেটার পাঠিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
রোববার (১৮ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে এসব চিঠি পাঠানো হয়। এতে মা ইলিশ সংরক্ষণে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়া এবং অভিযান বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
ডিও লেটারে মন্ত্রী উল্লেখ করেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মৎস্যসম্পদ এবং ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য। দেশের অর্থনীতি, কর্মসংস্থান, পুষ্টিনিরাপত্তা ও সংস্কৃতিতে এ মাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ পরিচালিত হচ্ছে।
মন্ত্রী জানান, অভিযান চলাকালে নির্ধারিত এলাকায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ। একই সঙ্গে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা এবং ভবিষ্যতে এর উৎপাদন ও প্রাপ্যতা বজায় রাখতে এ অভিযান গুরুত্বপূর্ণ।
চিঠিতে তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণের মতো জাতীয় কর্মসূচি সফল করতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য অধিদপ্তরের তৎপরতা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
এ লক্ষ্যে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে রাজনৈতিক নেতা-কর্মী এবং সমাজের পরিচিত ব্যক্তিদের সম্পৃক্ত করে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
পাশাপাশি জেলেদের নিষেধাজ্ঞা মেনে চলতে উদ্বুদ্ধ করা, অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করা এবং অবৈধভাবে ইলিশ আহরণ বন্ধে স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
কালের সমাজ/কে.পি

