শারদীয় দুর্গোৎসবের আনন্দমুখর পরিবেশ, সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের পরিস্থিতি দেখতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন সর্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
সোমবার (১৯ অক্টোবর) উপজেলার বহুগ্রাম ও খান্দারপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা এবং উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী।
এ ছাড়া উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি দিনেশ মন্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্দির পরিদর্শনকালে দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপন, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে উপস্থিত ব্যক্তিদের মধ্যে মতবিনিময় হয়।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বজায় রাখা এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
কালের সমাজ/কে.পি

