ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

শরণখোলার লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে মাইকিং

জেলা প্রতিনিধি, বাগেরহাট | অক্টোবর ১৯, ২০২৬, ০৯:৫২ পিএম শরণখোলার লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে মাইকিং

সুন্দরবনের গহিন অরণ্য পেরিয়ে লোকালয়ের কাছাকাছি বাঘের উপস্থিতির চিহ্ন। ভোলা নদীর চরে ছড়িয়ে থাকা পায়ের ছাপ ঘিরে বাগেরহাটের শরণখোলার সোনাতলা গ্রামে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বাঘের সম্ভাব্য বিচরণ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে বন বিভাগ।

সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার সোনাতলা গ্রামে ভোলা নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান ভিলেজ রেসপন্স টাইগার টিমের (ভিটিআরটি) সদস্য আব্দুল লতিফ হাওলাদার। পরে তিনি বিষয়টি বন বিভাগ ও ভিটিআরটি সদস্যদের জানান।

খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম। বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের নিয়ে


পরিদর্শনকালে নদীর চরে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বাঘের বিচরণের চিহ্ন পাওয়া যায়। পায়ের ছাপ দেখে বাঘটি সুন্দরবনে ফিরে গেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

ভিটিআরটি টিম লিডার মো. জাকারিয়া হোসাইন বলেন, লোকালয়ের কাছাকাছি বাঘের পায়ের ছাপ পাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সবাইকে সতর্ক করতে এলাকায় মাইকিং করা হচ্ছে।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, রাতে ভোলা নদী সাঁতরে বাঘটি লোকালয়ে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। জনসাধারণকে সচেতন করতে মাইকিংয়ের পাশাপাশি বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের সার্বক্ষণিক টহল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সুন্দরবনসংলগ্ন জনপদে বাঘের এমন উপস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।

কালের সমাজ/কে.পি

Link copied!