মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সাগর ও নদ-নদীতে ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময়ে সাগর ও সুন্দরবনের নদ-নদীতে ইলিশ ধরতে পারবেন না জেলেরা।
ডিমওয়ালা মা ইলিশের নির্বিঘ্ন প্রজননের লক্ষ্যে মৎস্য অধিদপ্তর এ নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা কার্যকর রাখতে মৎস্য বিভাগ, বন বিভাগ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌপুলিশের সমন্বয়ে বিশেষ টহল পরিচালনা করা হবে।
এ সময় নিয়মিত অভিযানের পাশাপাশি জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, পরিবহন, মজুদ বা বাজারজাত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিষেধাজ্ঞা শুরুর আগে বুধবার (৭ অক্টোবর) বিকেলেই সাগর ও নদীতে থাকা ইলিশ জেলেরা তীরে ফিরে এসেছেন।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।
তিনি জানান, মোংলা উপজেলায় নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে ইলিশ জেলের সংখ্যা প্রায় দেড় হাজার। তবে সরকারি চাল সহায়তার আওতায় থাকবেন নিবন্ধিত প্রায় সাড়ে ১১শ জেলে পরিবার।
কালের সামজ/ সা.এ.

