আগামী ১৬ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চান, রয়টার্সের প্রকাশিত এমন সংবাদের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আকাঙ্ক্ষা আর বাস্তবতা এক জিনিস নয়। শেখ হাসিনাকে এভাবে দেশে ফিরতে দেয়া হবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মনের জ্বালায় পয়সা দিয়ে লোক ভাড়া করে অনেক কিছু লেখাতে পারেন। কিন্তু বাস্তবতা আর আকাঙ্ক্ষা ভিন্ন জিনিস। এ দুটির মধ্যে পার্থক্য করতে হবে। তিনি তো সাধারণ কোনো যাত্রী নন।
দেশে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসঙ্গে হুমায়ুন কবির অভিযোগ করেন, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বাংলাদেশের মানুষ জানে কারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা জনগণের দ্বারা নির্বাচিত সরকার। বাংলাদেশের জনগণের সঙ্গে এই সরকারের অবস্থান অত্যন্ত মজবুত। জনগণকে আস্থায় নিয়েই আমরা পরিস্থিতি মোকাবিলা করছি। যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তারা মনে করছে মানুষ আতঙ্কিত হবে। কিন্তু উল্টো তারাই আতঙ্কিত হচ্ছে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চায়। এ ধরনের কর্মকাণ্ড দেখতে চায় না। জনগণই এখন তাদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে।
কূটনীতিকদের ব্রিফিংয়ের বিষয়ে হুমায়ুন কবির বলেন, সরকারের প্রায় নয় মাস হয়ে গেছে। সরকারের বিভিন্ন নীতি ও দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে বিদেশি বন্ধুদের অবহিত করতেই এই আয়োজন। সরকার স্বচ্ছতায় বিশ্বাসী এবং সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত রাখতে চায়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার আরও কঠোর অবস্থানে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার অত্যন্ত কঠোরভাবে মোকাবিলা করবে।
কালের সমাজ/এসআর

