কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হাসান সরদার ও তাঁর পরিবারের ওপর হামলা, মব সৃষ্টি করে জিম্মি করা এবং নগদ টাকা, স্বর্ণালংকার ও পাঁচটি মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ দলের বিরুদ্ধে। এ সময় পরিবারের কাছে ২০ লাখ টাকা চাঁদা ও মুক্তিপণ দাবি করা হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
গত রোববার দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লা নগরের শাসনগাছা হাউজিং এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ওই বাসায় চেয়ারম্যান মো. নাজমুল হাসান সরদার, তাঁর পরিবারের সদস্য এবং কয়েকজন আত্মীয়স্বজন অবস্থান করছিলেন।
ভুক্তভোগীদের অভিযোগ, রাত ১২টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল বাসার দরজায় দীর্ঘক্ষণ ধাক্কাধাক্কি করতে থাকে। একপর্যায়ে চেয়ারম্যানের স্ত্রী দরজা খুলতে বাধ্য হলে ওই ব্যক্তিরা জোরপূর্বক বাসার ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় তারা বাসার ভেতরে মব সৃষ্টি করে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করে এবং পরিবারের সদস্যদের জিম্মি করে রাখে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা পরিবারের কাছ থেকে নগদ সাত লাখ টাকা, স্বর্ণালংকার ও পাঁচটি মোবাইল ফোন নিয়ে যায়। পাশাপাশি ২০ লাখ টাকা চাঁদা ও মুক্তিপণ দাবি করে। সারারাত ধরে পরিবারের সদস্যদের আটকে রেখে বিভিন্নভাবে চাপ ও হয়রানি করা হয়।
ভুক্তভোগীদের দাবি, পরদিন সকালে বিভিন্নভাবে টাকা সংগ্রহ করে সাত লাখ টাকা দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় চেয়ারম্যান মো. নাজমুল হাসান সরদার ও তাঁর পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তাঁদের সঙ্গে থাকা ইউপি সদস্য ও দেলোয়ার হোসেনসহ অন্যান্য ব্যক্তিরাও এ ঘটনায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন।
একটি আবাসিক বাসায় রাতের আঁধারে ৪০ থেকে ৫০ জনের সংঘবদ্ধভাবে প্রবেশ, হামলা, জিম্মি করে অর্থ আদায় এবং মূল্যবান সামগ্রী লুটের এমন অভিযোগে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
কালের সমাজ/কে.পি

