গাইবান্ধায় সান্তাহার-লালমনিরহাট রেলপথের ৮০টি রেলক্রসিংয়ের মধ্যে ৫০টিই ঝুঁকিপূর্ণ। এসব অরক্ষিত ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটছে নিয়মিত। গত এক বছরে জেলায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন ২২ জন। অথচ স্থানীয়দের তৈরি এসব ক্রসিংয়ের দায় এড়িয়ে সাইনবোর্ড টানিয়েই দায়িত্ব শেষ করছে রেল কর্তৃপক্ষ। খোঁজ নিয়ে জানা যায়, সান্তাহার-লালমনিরহাট রেলপথের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা থেকে সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জ পর্যন্ত বিভিন্ন এলাকায় রয়েছে ৮০টি রেলক্রসিং। এর মধ্যে ৫০টিই ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে।
জেলার সীমানায় এই রেলপথে রয়েছে ১১টি স্টেশন। সেগুলো হলো- শালমারা, মহিমাগঞ্জ, বোনারপাড়া, বাদিয়াখালী, ত্রিমোহিনী, গাইবান্ধা, কুপতলা, কামারপাড়া, নলডাঙ্গা, বামনডাঙ্গা ও হাসানগঞ্জ। এসব স্টেশনের আশপাশে রেললাইন পারাপারের প্রায় ৪০টি স্থানে নেই কোনো গেটম্যান। অথচ এই পথে নিয়মিত চলাচল করে লোকাল ও আন্তঃনগর মিলিয়ে আটটি ট্রেন। অরক্ষিত এসব ক্রসিং দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, সাধারণ মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচল করছে। নিরাপত্তার ব্যবস্থা না থাকায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা নিয়ে পারাপার হতে হচ্ছে তাদের। সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন এলাকায় রেললাইনের ওপর দিয়ে চলাচলের রাস্তা তৈরি হয়েছে। দুই পাশে রয়েছে পাকা সড়ক। সমতল রেললাইনের ওপর দিয়ে কোনো সংকেত ছাড়াই প্রতিনিয়ত মানুষ ও যানবাহন পারাপার হচ্ছে। কোথাও ট্রেন আসার সময় স্থানীয় বাসিন্দারাই বাঁশ দিয়ে অস্থায়ীভাবে পথ আটকে দেন। আবার কোথাও রেলগেট থাকলেও দায়িত্ব পালনের জন্য নেই কোনো গেটম্যান। কিছু এলাকায় রেল কর্তৃপক্ষ ছোট আকারের সতর্কতামূলক সাইনবোর্ড দিয়েছে। তবে এসব সাইনবোর্ডের বাইরে দৃশ্যমান কোনো নিরাপত্তাব্যবস্থা নেই। ফলে চালক ও পথচারীদের নিজেদের সতর্কতার ওপর নির্ভর করেই রেললাইন পার হতে হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব পথ দিয়ে চলাচলের দূরত্ব কমে আসে।
তাই ঝুঁকি জেনেও অনেকে বিকল্প পথ ব্যবহার না করে রেললাইন পার হন। বিশেষ করে শিশু, শিক্ষার্থী ও বয়স্কদের ক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কা বেশি। গাইবান্ধা সদর উপজেলার মোল্লার বাজার এলাকায় রেললাইন পার হচ্ছিলেন মোটরসাইকেলচালক ঈসমাইল হোসেন। তিনি বলেন, এই রেললাইনের ওপর দিয়ে তৈরি রাস্তাটি দীর্ঘদিনের। এখানে কোনো গেটম্যান নেই। অথচ হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এই স্থানে গেটম্যান নিয়োগ করা জরুরি হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। মোল্লার বাজারের ব্যবসায়ী বাবলু মিয়া বলেন, রেললাইনের দুই পাশে বেশ কিছু দোকানপাট গড়ে উঠেছে। কেনাকাটার জন্য মানুষ এক পাশ থেকে অন্য পাশে যাতায়াত করেন। অনেক বয়স্ক মানুষ ট্রেনের শব্দও ঠিকমতো শুনতে পান না। এখানে গেটম্যান না থাকলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
শহরের বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, রেলক্রসিংয়ের দুই পাশে পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পাকা রাস্তা রয়েছে। পাকা রাস্তা থাকায় মানুষ ও যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করবে। কিন্তু সেখানে গেটম্যান নেই। দুর্ঘটনা ঘটলে কেউ দায় নিতে চায় না। সমস্যার সমাধান না করে বরং নতুন করে ঝুঁকি তৈরি করা হচ্ছে। নাগরিক সংগ্রাম কমিটির সদস্য গোলাম রব্বানী মূসা বলেন, রেললাইনের ওপর দিয়ে অসংখ্য রাস্তা তৈরি হয়েছে। এসব স্থানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা এড়াতে যেসব স্থানে রেলক্রসিং রয়েছে, সেখানে দ্রুত গেটম্যান নিয়োগ করতে হবে। তা সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ ক্রসিংগুলো বন্ধ করে দিতে হবে। অন্যথায় মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতেই থাকবে। সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু বলেন, রেললাইনের দুই পাশের জমি রেলের।
এসব জমি কিছু অসাধু কর্মকর্তা আইন উপেক্ষা করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে লিজ দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। লিজ নেওয়ার পর সেখানে দোকানপাট, ঘরবাড়ি ও বাজার গড়ে উঠছে। ফলে মানুষের চলাচলের জন্য রেললাইনের ওপর নতুন নতুন রাস্তা তৈরি হচ্ছে। যত বেশি রাস্তা তৈরি হচ্ছে, দুর্ঘটনার ঝুঁকিও তত বাড়ছে। তিনি আরও বলেন, রেলের জায়গায় যেখানে-সেখানে বাড়িঘর, দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা বন্ধ করা গেলে অবৈধ ও অরক্ষিত পারাপারের পথ কমবে। এতে রেল দুর্ঘটনাও কমানো সম্ভব হবে। গাইবান্ধা রেলওয়ে থানার পুলিশ উপপরিদর্শক (আইসি) আব্দুল গণি বলেন, মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার হন। গত এক বছরে গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে ২২ জন নারী-পুরুষ মারা গেছেন। গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার সুমিত সরকার বলেন, স্থানীয়রা অনুমতি ছাড়াই এসব অরক্ষিত রেলক্রসিং তৈরি করছেন। রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্ধারিত লেভেল ক্রসিংগুলোতে গেটম্যান রয়েছেন। তবে রেললাইনের ওপর দিয়ে স্থানীয়ভাবে তৈরি করা রাস্তার দুই পাশে মানুষকে সতর্ক করতে সাইনবোর্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কিছু গুরুত্বপূর্ণ স্থানে গেটম্যান নিয়োগের চাহিদা দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
কালের সমাজ/কে.পি

