ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কসবায় গ্যাস সিলিন্ডার ও খাদ্যপণ্যের দোকানে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | নভেম্বর ২৩, ২০২৬, ০২:৩১ পিএম কসবায় গ্যাস সিলিন্ডার ও খাদ্যপণ্যের দোকানে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বাজারে গ্যাস সিলিন্ডার, বেকারি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কার্যালয়। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তাঁকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, কুটি বাজারের সামি ট্রেডার্স ও জনসেবা এলপিজি সিলিন্ডার গ্যাস নামের দুটি প্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি। পাশাপাশি প্রতিষ্ঠান দুটির কাছে বিক্রয় ভাউচারও পাওয়া যায়নি। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠান দুটিকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া হাবীব লাইভ বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে টেক্সটাইল কালার ব্যবহার করে খাদ্যপণ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে কুটি কেক সুন্দরী নামের একটি কেকের রং ও ফ্লেভার বিক্রয়কারী প্রতিষ্ঠানে অবৈধ প্রক্রিয়ায় পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ রং ও ফ্লেভার বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারও তদারকি করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে অধিদপ্তরের এ কার্যক্রম চলমান থাকবে।

কালের সমাজ/এসআর

Link copied!