২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় নওগাঁ সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, গ্রীষ্মকালীন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ জাহিদুল ইসলাম ধলু। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত এই কর্মসূচির আওতায় সদর উপজেলার ১২টি ইউনিয়নের মোট ৫ হাজার জন কৃষককে এই সহায়তা প্রদান করা হচ্ছে। বিতরণকৃত উপকরণের মধ্যে প্রত্যেক কৃষককে বিনামূল্যে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি এমওপি (MOP) এবং ১০ কেজি ডিএপি (DAP) রাসায়নিক সারসহ গ্রীষ্মকালীন ফসলের বীজ দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু। এছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের স্বাবলম্বী করতে সরকারের এই পুনর্বাসন কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং প্রাপ্ত বীজ ও সারের সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
কালের সমাজ/এসআর

