কুমিল্লায় অপরাধ দমনে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ মোট ৩২৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। গত ৪৮ ঘণ্টায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বিভিন্ন থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের লক্ষ্য করে বিশেষ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ ও অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ২৩০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অপরদিকে, অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। অভিযান প্রসঙ্গে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম বলেন, অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অযাচিত ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর তদারকি ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কালের সমাজ/কে.পি

