বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোরালো দাবি উঠেছে। সীমান্ত দিয়ে মাদক পাচার, ইয়াবা সরবরাহ ও চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন সভার সদস্যরা।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসানের সভাপতিত্বে সভায় অক্টোবর মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য উদ্ধার, মামলা, গ্রেপ্তার এবং সীমান্তবর্তী এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে নাইক্ষ্যংছড়ি থানায় মোট ২৬টি মামলা হয়েছে। এর মধ্যে ১৬টি মাদকসংক্রান্ত। এসব ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৪ বিজিবি ও ১১ বিজিবির বিভিন্ন অভিযান, আটক এবং বিপুল পরিমাণ ইয়াবাসহ বিভিন্ন পণ্য জব্দের তথ্য তুলে ধরা হয়।
সভায় বক্তব্য দিতে গিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধি আব্দুল হামিদ সীমান্ত দিয়ে মাদক সরবরাহ ও পাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, আরাকান আর্মি বাংলাদেশে মাদক সরবরাহ করছে এবং সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে অস্ত্রের মহড়া দেখিয়ে মাদক পাচারের ঘটনা ঘটছে। এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে সীমান্তে নজরদারি জোরদার এবং মাদক পাচারের সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
এ ছাড়া সভায় রাবার বাগানের প্রসেসিং কারখানাগুলোতে অগ্নিনিরাপত্তা সনদ না থাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। উপজেলার প্রতিটি ইউনিয়নে নিয়মিত আইনশৃঙ্খলা কমিটির সভা আয়োজন এবং কমিটির সব সদস্যের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু, ১১ বিজিবির সহকারী পরিচালক শামীম, নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) আসাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় মাদক পাচার প্রতিরোধে শুধু বাহক বা খুচরা বিক্রেতাদের আটক নয়, বরং এর নেপথ্যে থাকা মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়। সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে মাদক নির্মূলে প্রশাসন, বিজিবি, পুলিশ ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
কালের সমাজ/কে.পি

