ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

চোখ জুড়ায় ‘লতা-পারুল’

হাসনাত হান্নান তামিম, মহম্মদপুর (মাগুরা) | নভেম্বর ২৩, ২০২৬, ০৮:০৭ পিএম চোখ জুড়ায় ‘লতা-পারুল’

হেমন্তের শিশিরভেজা সকালে প্রকৃতির স্নিগ্ধতা বাড়িয়ে থোকায় থোকায় ফুটেছে ‘লতা-পারুল’। প্রকৃতিতে যখন ফুলের উপস্থিতি তুলনামূলক কম, ঠিক তখনই হালকা বেগুনি ও সাদাটে আভার এই লতানো ফুল আলাদা মাত্রা যোগ করে। বাংলায় এটি ‘লতা-পারুল’, ‘নীল-পারুল’ বা ‘রসুন্ধি’ নামে পরিচিত হলেও উদ্ভিদবিজ্ঞানে পরিচিত ‘রসুনলতা’ বা ‘গার্লিক ভাইন’ নামে, যা বিগনোনিসি পরিবারের সদস্য। দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং ব্রাজিল অঞ্চলের আদি উদ্ভিদ হলেও বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে এটি সহজেই মানিয়ে নিয়েছে। দ্রুতবর্ধনশীল এই চিরহরিৎ কাষ্ঠল লতায় কোনো কাঁটা নেই। অন্য কোনো গাছ, মাচা বা বাড়ির ফটকের অবলম্বন বেয়ে দ্রুত বেড়ে ওঠে এবং মাঝারি ঝোপের মতো রূপ নেয়।
 

উজ্জ্বল সবুজ রঙের পাতা ও ডাঁটা কচলালে রসুনের মতো গন্ধ ছড়ায় বলে স্থানীয়ভাবে এটিকে রসুন্ধি লতাও বলা হয়। শাখার অগ্রভাগে বড় থোকায় ফুল ফোটে। কুঁড়ি অবস্থায় পাপড়ির অগ্রভাগ গাঢ় বেগুনি থাকে; ফুটতে শুরু করলে হালকা বেগুনি থেকে ক্রমে ফ্যাকাশে সাদাটে রূপ নেয়। তবে দেখতে মনোমুগ্ধকর হলেও এই ফুলে কোনো সঘ্রাণ নেই। সকালে ফুল সজীব থাকলেও বেলা বাড়লে রোদে পাপড়ি কিছুটা নরম হয়ে আসে। হালকা রোদ-ছায়াযুক্ত স্থানে গাছটি ভালো বাড়ে এবং রঙের উজ্জ্বলতাও টিকে থাকে।
 

মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামের সহিদুল ইসলাম সাগরের বাড়ির আঙিনায় বেড়ে ওঠা এমন একটি লতার ফুল এখন স্থানীয়দের নজর কাড়ছে। তিনি জানান, মূল পারুল বৃক্ষের সঙ্গে লতা-পারুলের প্রকৃতি ও গঠনে বড় পার্থক্য রয়েছে। সাধারণত বছরে দুইবার; শরৎ-হেমন্ত এবং বসস্ত-গ্রীষ্মে গাছটিতে প্রচুর ফুল ফোটে। একবার ফুল ঝরে যাওয়ার পর নতুন কুঁড়ি আসে এবং আবারও থোকায় থোকায় ফুলে ভরে ওঠে।

কালের সমাজ/কে.পি

Link copied!