ঝালকাঠি সংবাদদাতা:ঝালকাঠিতে আগামী ২৬ নভেম্বর থেকে তিনদিন ব্যাপী সাদ পন্থিদের জেলা ইজতেমার আয়োজন বন্ধের দাবি জানিয়েছেন উলামা, পীর-মাশায়েখ। সোমবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান শুরায়ে নিজাম তাবলীগ জামাতের সদস্য আইয়ুব খান। সংবাদ সম্মেলনে উলামা-মাশায়েখ ও তাবলীগ জামাতের শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তাঁরা দাবি করেন, সাদ পন্থিরা ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাঁরা উলামা মাশায়েখদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সাদ পন্থিরা ঝালকাঠিতে আগামী ২৬ নভেম্বর থেকে তিন দিনব্যাপী একটি জেলা ইজতেমা করার জন্য বিকনা স্টেডিয়ামে প্রস্তুতি নিচ্ছে। জেলা প্রশাসন তাদের অনুমতিও দিয়েছে। উলামা মাশায়েখ, তাবলীগ সাথী এবং ধর্মপ্রাণ মুসলমানরা এই ইজতেমার বিপক্ষে অবস্থান নিয়েছে। কোনভাবেই এই ইজতেমা করতে দেওয়া হবে না। প্রয়োজনে নিজেদের বুকের রক্ত দিয়ে হলেও তা প্রতিহত করার ঘোষণা দেন তাঁরা। তাই অবিলম্বে এই ইজতেমার অনুমতি বাতিলেও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এদিকে সাদ পন্থিরা জানিয়েছেন, যেকোন মূল্যে তাঁরা আগামী ২৬-২৭-২৮ নভেম্বর তিন দিনব্যাপী ইজতেমা সফলভাবে সম্পন্ন করবেন। কোন বাঁধাই তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না বলেও জানান সাদ পন্থিরা।
কালের সমাজ/কে.পি

