ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

পুনরায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ২৩, ২০২৬, ০৮:৫৪ পিএম পুনরায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফলে গড়মিল হয়েছিল। এজন্য নতুন করে শিক্ষা বোর্ডগুলো থেকে নতুন করে তথ্য করে পুনরায় প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সোমবার (২৩ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি প্রফেসর জেসমিন তাসলিমা বানূ এবং ঢাকা শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক এ.বি.এম মজিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পুনরায় ফল প্রকাশ করা হয়।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন পরীক্ষার্থী। এ ছাড়া ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী। আর ফলাফল পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জন পরীক্ষার্থীর।

সোমবার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। তবে এই ফল নিয়ে একাধিকবার ভুলের ঘটনা ঘটেছে। প্রথমে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। দ্বিতীয়বার জানানো হয় এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৫ হাজার ৮১০ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন এবং নম্বর পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জনের। আর নতুন জিপিএ-৫ পান ১৬০০ পরীক্ষার্থী।

সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি যে সংশোধিত ফলাফল জানিয়েছে, তাতে দেখা যায় নতুন করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ১ হাজার ৬২০ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে ৪৬৫ জন, কুমিল্লায় ১২০, রাজশাহীতে ৫৬, যশোরে ১৬৩, চট্টগ্রামে ১০১, বরিশালে ২১, সিলেটে ৭৭, দিনাজপুরে ১৩৪ ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে নতুন করে ২৭৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৭১ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ৩৮ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।

এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন।


আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, এবার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী। তাদের আবেদন করা উত্তরপত্রের সংখ্যা ছিল ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি।

ঢাকা শিক্ষা বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দ্রুততার সঙ্গে ফল তৈরি করতে গিয়ে প্রথমে ভুল হলেও পরে তা দ্রুতই সংশোধন করে প্রকাশ করা হয়েছে।

কালের সমাজ/কে.পি

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!