ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলি, আহত ৫

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, পাবনা | নভেম্বর ২৩, ২০২৬, ০৯:৪৬ পিএম ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলি, আহত ৫

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও গুলিবর্ষণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। হামলায় আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সাঁড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল শুরুর আগমুহূর্তে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে মিছিলের জন্য তারা একত্রিত হওয়ার সময় আওয়ামী লীগ সমর্থিত মিলন চৌধুরী ও কাকন বাহিনীর সশস্ত্র সদস্যরা অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে।

আহত ব্যক্তিরা হলেন ঈশ্বরদীর পূর্বটেংরী গ্রামের শিপন খাঁর ছেলে মো. সিজান খাঁ (২২), শেরপাড়া গ্রামের রস্তম তারা ওরফে তারা মিয়ার ছেলে রিফাত (২৬), সাহেবপাড়া গ্রামের মজনুর ছেলে মাহিম (২৫), পূর্বটেংরী গোরস্থানপাড়া এলাকার পীর মোহাম্মদ পিরুর ছেলে নাজমুল হাসান রিসাদ (২৬) এবং শেরপাড়া গ্রামের বাবলুর ছেলে রবিউল (১৭)।

হামলায় আহত ব্যক্তিদের উদ্ধার করে বিকেল সাড়ে পাঁচটার পরপরই ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করেন।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা তীব্র নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তবে অভিযুক্ত মিলন চৌধুরী বা কাকন বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালের সমাজ/কে.পি

Link copied!