ঢাকা শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
আইসিইউতে যুবক

গাজীপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ বিচ্ছিন্নের অভিযোগ

জেলা প্রতিনিধি,গাজীপুর | অক্টোবর ২, ২০২৬, ০৭:২৬ পিএম গাজীপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ বিচ্ছিন্নের অভিযোগ

গাজীপুরে পারিবারিক কলহ ও পরকীয়াজনিত বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। গুরুতর আহত ওই যুবক বর্তমানে সংকটাপন্ন অবস্থায় গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আহত যুবকের নাম আবেদ হাসান জয়। তিনি মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের হারুন মোল্লার ছেলে। স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, আবেদ হাসান জয় ময়মনসিংহের বাসিন্দা সারমিন বিন সারাকে বিয়ে করে গাজীপুরের জয়দেবপুর এলাকায় বসবাস করছিলেন। গত বুধবার দিনভর তারা একসঙ্গে ঘোরাঘুরি করেন। পরে রাতে বাসায় ফেরার পর এ ঘটনা ঘটে বলে স্বজনদের দাবি।
 

স্বজনদের অভিযোগ, রাতে আবেদ হাসানকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর সারমিন ব্লেড বা ধারালো কোনো অস্ত্র দিয়ে তাঁর পুরুষাঙ্গের গোড়া থেকে বিচ্ছিন্ন করে পালিয়ে যান। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আহত যুবকের স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এর পেছনে পরকীয়াজনিত বিরোধ থাকতে পারে বলেও তারা ধারণা করছেন। তবে এ অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া বাকি। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আবেদ হাসানকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর শরীরে জরুরি ভিত্তিতে রক্ত দেওয়া হচ্ছে বলে স্বজনরা জানিয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় আবেদ হাসানের পরিবার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঘটনার প্রকৃত কারণ, অভিযুক্তের সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয় তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!