মানিকগঞ্জ পৌরসভার নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) মৌসুমী খানম। বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। একই অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খানকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. অহিদুল মিয়াসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। দায়িত্ব গ্রহণের পর প্রশাসক মৌসুমী খানম পৌরবাসীর প্রত্যাশা অনুযায়ী নাগরিক সেবার মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সেবা সহজীকরণ এবং নাগরিকদের জন্য সেবার গুণগত মান আরও উন্নত করার বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সংশ্লিষ্টরা জানান, নতুন প্রশাসকের নেতৃত্বে মানিকগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আরও গতি আসবে। পৌরবাসীর বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান এবং প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে প্রশাসকের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
কালের সমাজ/কে.পি

