ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে নগরীর গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী একটি বাস আকুয়া বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। পরে আরও একজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকারী দলের সদস্যরাও সেখানে যাচ্ছেন।
দুর্ঘটনার কারণে বাইপাস সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

