ঢাকা শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

নারী শিক্ষার্থীদের ক্যান্সার ঝুঁকি ও প্রতিরোধে ইবি ক্যাপের সচেতনতামূলক ক্যাম্পেইন

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ২, ২০২৬, ০৭:৪৭ পিএম নারী শিক্ষার্থীদের ক্যান্সার ঝুঁকি ও প্রতিরোধে ইবি ক্যাপের সচেতনতামূলক ক্যাম্পেইন

নারীদের মধ্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি ও প্রাথমিক লক্ষণ সম্পর্কে ধারণা প্রদান এবং সময়মতো পরীক্ষা ও চিকিৎসা গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে ক্যান্সার সচেতনতা ক্যাম্পেইন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সচেতনতামূলক সংগঠন প্রোগ্রাম ফর উইমেন (CAP)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) কুষ্টিয়ার মধুপুর এলাকার পিয়ারপুর বাজারসংলগ্ন পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে ক্যান্সার নিয়ে প্রচলিত ভুল ধারণা, ভয় ও সংকোচ দূর করার পাশাপাশি শারীরিক কোনো পরিবর্তন বা উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

ক্যাম্পেইনে CAP-এর সভাপতি জান্নাতুল মাওয়া ইতির সঞ্চালনায় সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এ সময় স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, ঝুঁকির কারণ, প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন জান্নাতুল মাওয়া ইতি। এছাড়া জরায়ুমুখ ক্যান্সারের কারণ, ঝুঁকি, প্রতিরোধের উপায় এবং সময়মতো স্ক্রিনিং ও চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন CAP-এর ক্যান্সার অ্যান্ড এডুকেশন সেক্রেটারি জুবাইদা নাসরিন দোলা।

CAP-এর সভাপতি জান্নাতুল মাওয়া ইতি বলেন, “ক্যান্সার প্রতিরোধের প্রথম ধাপই হলো সচেতনতা। বিশেষ করে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে নারীদের সঠিক ধারণা দেওয়া, ঝুঁকির বিষয়গুলো জানানো এবং সময়মতো পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে উৎসাহিত করাই CAP-এর অন্যতম প্রধান উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “একজন নারী সচেতন হলে সেই সচেতনতার প্রভাব পুরো পরিবারে ছড়িয়ে পড়ে। আর পরিবার থেকেই শুরু হয় একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের পথ।”

 

কালের সমাজ/কে.পি

Link copied!