৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর)। সকাল ১০টা থেকে সরকারি চাকরিতে আগ্রহী ও যোগ্য চিকিৎসকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
পিএসসি জানিয়েছে, ১ অক্টোবর সকাল ১০টা থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফরম পূরণ করে ব্যবহারকারী পরিচয় পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন।
৫১তম বিশেষ বিসিএসে আবেদন করতে হলে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারের অনুমতি ছাড়া কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।
সহকারী সার্জন পদে আবেদন করতে প্রার্থীর এমবিবিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর সহকারী ডেন্টাল সার্জন পদে আবেদনের জন্য প্রয়োজন বিডিএস বা সমমানের ডিগ্রি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন প্রার্থী একাধিক আবেদন ফরম পূরণ করতে পারবেন না। নির্ধারিত যোগ্যতা থাকা প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
কালের সমাজ/এসআর

