কুমিল্লার দেবিদ্বারে বাঁশ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচা-ভাতিজার হামলায় শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার বারুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত মহাকাজীর ছেলে।
তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা। স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশ কাটাকে কেন্দ্র করে শফিকুল ইসলামের সঙ্গে একই গ্রামের নিশাত (২২) ও লিমন (৪০)-এর বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে নিশাত ও লিমন দা ও ছুরি দিয়ে শফিকুল ইসলামের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত নিশাত বারুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং লিমন মৃত জয়নাল আবেদিনের ছেলে।
তারা সম্পর্কে চাচা-ভাতিজা। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত করছে পুলিশ।
কালের সমাজ/কে.পি

