পাবনার ঈশ্বরদীতে ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম রবিউল ইসলাম ও কলেজের উপাধ্যক্ষ হাফিজা খাতুনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বাড়ি থেকে নগদ প্রায় ৭ লাখ টাকা, ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে ঈশ্বরদী হাসপাতাল সড়কে অবস্থিত বাড়িটিতে গিয়ে চুরির বিষয়টি দেখতে পান রবিউল ইসলামের জামাতা ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাজী তানভীর মাহাতাব রাসেল।
এস এম রবিউল ইসলামের ভায়রা এবং সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদী পত্রিকার সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল ওমর সুমার খান জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এস এম রবিউল ইসলাম বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে বাড়িটি অনেকটা ফাঁকা ছিল। সোমবার বিকেলে চিকিৎসক কাজী তানভীর মাহাতাব রাসেল বাড়িতে গিয়ে দরজা খোলা দেখতে পান। তবে দরজায় ভাঙচুরের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরেরা চাবি দিয়ে তালা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করেছে।
তিনি আরও জানান, চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ প্রায় ৭ লাখ টাকা, আনুমানিক ১৭ লাখ টাকা মূল্যের ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকার এবং প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “চুরির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কালের সমাজ/কে.পি

