পাবনার ঈশ্বরদীর সাহাপুর গ্রামের সন্তান ড. রায়ান হোসেন সাদী। চিকিৎসাবিজ্ঞান, স্বাস্থ্যনীতি প্রণয়ন এবং আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় অসামান্য অবদান রেখে তিনি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন। ২০১১ ও ২০১৫ সালে চিকিৎসাবিজ্ঞান ও জীবনবিজ্ঞান খাতে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পান তিনি। এ ছাড়া ২০২০ সালে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবায় অবদান রাখা শীর্ষ পাঁচ ব্যক্তির একজন হিসেবেও স্বীকৃতি লাভ করেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যবিষয়ক উচ্চপর্যায়ের দলের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. সাদী। যুক্তরাষ্ট্রের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ক্যাথলিন সিবেলিয়াসের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবেও কাজ করেছেন তিনি। স্বাস্থ্যসেবার কৌশল উদ্ভাবন ও ব্যবস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন এই চিকিৎসাবিজ্ঞানী।
বিশ্বের শিল্প ও করপোরেট জগতের পরিচিত প্রকাশনা ‘ফার্মা ভয়েস’-এর মনোনীত তালিকায় ২০১১ ও ২০১৫ সালে বিশ্বের ১০০ জন সেরা লাইফ সায়েন্স বিশেষজ্ঞের মধ্যে স্থান করে নেন ড. রায়ান সাদী। আটটি ক্যাটাগরিতে তৈরি ওই তালিকায় তিনি ‘চেঞ্জ এজেন্ট’ হিসেবে অন্তর্ভুক্ত হন। স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পরিবর্তন ও নতুন কর্মপদ্ধতি উদ্ভাবনে তাঁর অবদান এ স্বীকৃতির অন্যতম কারণ।
১৯৬৪ সালের ৬ ডিসেম্বর ঈশ্বরদী উপজেলার সাহাপুর গ্রামে জন্মগ্রহণ করেন ড. রায়ান হোসেন সাদী। তাঁর বাবা তৈয়ব হোসেন এবং মা আসমা খাতুন। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি বড়। তাঁর বোনের নাম রূপা। স্ত্রী ডা. জুডি আক্তারও একজন চিকিৎসক। তিনি যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ডেন্টাল সার্জন হিসেবে কর্মরত এবং একটি বড় ক্লিনিক পরিচালনা করছেন। তাঁদের একমাত্র মেয়ে এমিলিও ইয়েল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। বাবার মতো স্বাস্থ্যনীতি ও চিকিৎসাসেবা নিয়ে বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়ামে বক্তব্য রেখে তিনিও আলোচনায় এসেছেন।
ড. সাদীর শিক্ষাজীবন শুরু হয় কুষ্টিয়া জেলা স্কুলে। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি অর্জন করেন তিনি। ১৯৮০ সালে কুষ্টিয়া জেলা স্কুল থেকে এসএসসি এবং ১৯৮২ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ইয়েল ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিন থেকে উচ্চতর চিকিৎসাশিক্ষা গ্রহণ করে সেখানেই কর্মজীবন শুরু করেন।
কর্মজীবনে ড. রায়ান সাদী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের গ্লোবাল প্রধান হিসেবে ছয় বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন। ২০১৮ সাল পর্যন্ত এ দায়িত্বে থাকার পর তিনি বিরল ও জটিল রোগের চিকিৎসা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সিএসএল বেহরিংয়ে গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেসের (সিএমএস) সঙ্গেও গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত ছিলেন।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে পরিবার নিয়ে বসবাস করছেন। বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসাসেবা সহজলভ্য করা, জটিল রোগের চিকিৎসা নিয়ে গবেষণা এবং স্বাস্থ্যনীতির উন্নয়নে কাজ করছেন তিনি। তাঁর কর্মপরিধি আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও এশিয়ার ৫১টি দেশ পর্যন্ত বিস্তৃত।
গবেষণা, আন্তর্জাতিক সম্মেলন ও বিভিন্ন সেমিনারে অংশ নিতে তিনি যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, চীন, ভিয়েতনাম, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, নেদারল্যান্ডস ও ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
চিকিৎসাবিজ্ঞানের পাশাপাশি লেখালেখিতেও রয়েছে তাঁর আগ্রহ। অবসর সময়ে পড়াশোনা ও লেখালেখিতে ব্যস্ত থাকেন তিনি। ১৯৯৫ সালে তাঁর লেখা ‘ইমার্জেন্সি ডিপার্টমেন্ট’ বই প্রকাশিত হয়। পরবর্তী সময়ে স্বাস্থ্যসেবা নীতিমালার ওপর আরও একটি বই প্রকাশ করেন তিনি। তাঁর লেখা বই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে।
একসময় ঈশ্বরদীর সাহাপুর গ্রাম থেকে শুরু হওয়া যে শিক্ষাযাত্রা আজ আন্তর্জাতিক চিকিৎসা ও স্বাস্থ্যনীতি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে, তা নিঃসন্দেহে ঈশ্বরদী তথা পাবনাবাসীর জন্য গর্বের বিষয়। আন্তর্জাতিক পরিসরে ড. রায়ান সাদীর এই অর্জন নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।
কালের সমাজ/কে.পি

