উত্তরের জনপদে বাড়ছে শীতের দাপট। হিমেল বাতাস আর কুয়াশায় শীতের আমেজ ছড়িয়ে পড়েছে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায়। হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা।
বুধবার (২৫ নভেম্বর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি কমেনি। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। রাত থেকে ভোর পর্যন্ত এলাকায় হালকা কুয়াশা ছিল। সকালে সূর্য উঠলেও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি ছিল বেশি।
এর আগের দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে।
শীতের প্রকোপ বাড়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ভোরে কাজে বের হওয়া খেটে খাওয়া মানুষ ও দিনমজুরেরা। জীবিকার তাগিদে ঠাণ্ডা উপেক্ষা করেই তাদের কাজে বের হতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। রাতভর হিমেল বাতাস বয়ে যাওয়ায় ভোর ও সকালে ঠাণ্ডার প্রকোপ বেশি থাকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়লে কিছুটা স্বস্তি মেলে।
হাড়িভাসা এলাকার বাসিন্দা রমজান আলী বলেন, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। রাতে হিমেল বাতাসের কারণে শীত বেশি লাগে। সকালে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে ঠাণ্ডা কমছে না। বিশেষ করে ভোরে বাইরে বের হলে শীত বেশি অনুভূত হয়।
কালের সমাজ/এসআর

