ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট পাঁচ শিশু হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ২৫, ২০২৬, ১২:৩১ পিএম ডিসেম্বরের চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট পাঁচ শিশু হাসপাতাল

দেশের পাঁচ বিভাগীয় ও জেলা পর্যায়ে নির্মিত পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হতে যাচ্ছে। ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোতে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং প্রশাসনিক প্রস্তুতি এগিয়ে নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হাসপাতালগুলোর উদ্বোধন করবেন।

দীর্ঘদিন আগে হাসপাতালগুলোর নির্মাণকাজ শেষ হলেও প্রয়োজনীয় চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে সেগুলো চালু করা সম্ভব হয়নি। অবশেষে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ায় হাসপাতালগুলো চালুর উদ্যোগ বাস্তবায়নের পথে। হাসপাতাল পাঁচটি চালু হলে ঢাকার বাইরে শিশুদের বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হবে। গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীর হাসপাতালগুলোর ওপর নির্ভরশীলতাও কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নতুন করে চালু হতে যাওয়া হাসপাতালগুলো হচ্ছে- বরিশাল, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল এবং কুমিল্লা শিশু হাসপাতাল। প্রতিটি প্রতিষ্ঠানে ২০০টি করে শয্যা থাকবে। এসব হাসপাতালে শিশুদের নিবিড় পরিচর্যা এবং জটিল রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা রাখা হয়েছে।

পাঁচটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচটি উপপরিচালক, পাঁচটি সহকারী পরিচালক, ১০০টি সিনিয়র কনসালটেন্ট, ২০০টি জুনিয়র কনসালটেন্ট এবং ১০টি আবাসিক চিকিৎসকের পদ।

এ ছাড়া ১৫টি আবাসিক সার্জন, পাঁচটি আবাসিক মেডিকেল অফিসার, ৩২৫টি মেডিকেল অফিসার, ১০টি সহকারী ডেন্টাল সার্জন, ২০টি ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং ২০টি অ্যানেসথেশিয়া-সংক্রান্ত পদ রাখা হয়েছে।

হাসপাতালগুলোর প্রশাসনিক কার্যক্রম শুরু করার প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে পাঁচ প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়।

এতে রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

হাসপাতালগুলোতে শিশুদের জটিল ও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার জন্য ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সুবিধা রাখা হচ্ছে। পাশাপাশি থাকবে বড় পরিসরের আইসিইউ ইউনিট এবং কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। ভবিষ্যতে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর বিষয়টি বিবেচনায় রেখে হাসপাতালগুলোর অবকাঠামো নির্মাণ করা হয়েছে। ফলে প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে হাসপাতালগুলোর সেবা সম্প্রসারণের সুযোগ থাকবে।

এসব প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। হাসপাতালগুলো চালুর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে রয়েছে নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার বা কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিন। ২০০ শয্যার শিশু হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় এসব চিকিৎসা সরঞ্জাম ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেয়া হয়েছে বলে জানা গেছে।

হাসপাতালগুলো চালুর উদ্যোগে গতি আসে গত ১০ মে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকের পর। ওই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ছয় বিভাগে দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে প্রতিবেদন জমা দিতে বলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর হাসপাতালগুলো চালুর জন্য প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ শুরু করে।

এরই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের জানান, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন। হাসপাতালগুলোর জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্দেশ্যে নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে বলে তিনি সে সময় উল্লেখ করেন। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করবেন বলেও জানান তিনি।

কালের সমাজ/এসআর

Link copied!