মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও দর্শক ভোটে শীর্ষে ছিলেন বাংলাদেশের প্রতিনিধি অভিনেত্রী সামিরা খান মাহি। কিন্তু শেষ মুহূর্তে বিশ্বমঞ্চে সৌন্দর্য, আত্মবিশ্বাস ও প্রতিভার লড়াইয়ে সেরার মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। ১১৬ প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৫তম মিস ইউনিভার্সের খেতাব অর্জন করেছেন তিনি।। ফলে দর্শক ভোটে সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ হারান মাহি। শেষ পর্যন্ত সেরা ৩০ প্রতিযোগীর তালিকায়ও জায়গা হয়নি তার। এর মধ্য দিয়ে এবারের মিস ইউনিভার্সে বাংলাদেশের এই প্রতিনিধির যাত্রা শেষ হয়েছে।
এবারের প্রতিযোগিতায় দর্শক ভোটের মাধ্যমে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ রাখা হয়েছিল। ‘পিপলস চয়েজ’ নামে এই ভোটে বিজয়ী প্রতিযোগী সরাসরি পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পান। শুরু থেকেই এ বিভাগে ভালো অবস্থানে ছিলেন মাহি। এমনকি গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও ভোটের হিসাবে শীর্ষে ছিলেন তিনি।
তবে শেষ মুহূর্তে ভোটের সমীকরণ বদলে যায়। মাহিকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেন ইকুয়েডরের দালিয়া বুকারাম। দর্শক ভোটে বিজয়ী হওয়ায় সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন তিনি। অন্যদিকে, পিপলস চয়েজের মাধ্যমে পরবর্তী রাউন্ডে যাওয়ার বড় সুযোগ থাকলেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি।
মিস ইউনিভার্সের এবারের প্রতিযোগিতায় সেরা ৩০-এ জায়গা পাওয়া প্রতিযোগীরা সুইমস্যুট পর্বে অংশ নেন। সেখান থেকে বাছাই করা হয় সেরা ১২ জনকে। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বসহ চূড়ান্ত মূল্যায়নের মধ্য দিয়ে নির্ধারণ করা হয় বিজয়ী।

যেভাবে নির্ধারিত হলো এবারের মিস ইউনিভার্স
পুয়ের্তো রিকোর সান হুয়ানে হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠান শুরুর পরপরই ঘোষণা করা হয় সেরা ৩০ প্রতিযোগীর নাম। এরপর সুইমস্যুট পর্বের মাধ্যমে বাছাই করা হয় সেরা ১২ জনকে। ইভনিং গাউন পর্ব শেষে সেখান থেকে নির্বাচিত হন সেরা পাঁচ প্রতিযোগী।
চূড়ান্ত পর্বের সেরা পাঁচে জায়গা করে নেন ফিলিপাইনের বিট্রিস ‘বিয়া’ মিলান উইনডরস্কি, নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ, ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ এবং আয়োজক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো।
শেষ পর্বে এই পাঁচ প্রতিযোগী বিচারকদের দুটি করে প্রশ্নের মুখোমুখি হন। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাদের সময় দেওয়া হয় ৩০ সেকেন্ড। প্রথম প্রশ্নটি ছিল প্রত্যেক প্রতিযোগীর জন্য আলাদা। তবে দ্বিতীয় প্রশ্নটি ছিল সবার জন্য একই। প্রশ্নোত্তর পর্ব ও সার্বিক মূল্যায়ন শেষে মিস ইউনিভার্স ২০২৬-এর বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তোর নাম। এর মধ্য দিয়ে এবারের আসরের মুকুট ওঠে তার মাথায়।
মিস ইউনিভার্সের ৭৫তম আসরের বিজয়ীর জন্য তৈরি করা হয়েছে বিশেষ একটি মুকুট। ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের এই মুকুটটি তৈরি করা হয়েছে ১৮ ক্যারেটের সাদা সোনা দিয়ে। এতে বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা। চূড়ান্ত পর্বে বিজয়ী ঘোষণার পর জেনিফার বারেত্তোর মাথায় মুকুটটি পরিয়ে দেন গত আসরের মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ।

এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন অভিনেত্রী সামিরা খান মাহি। দর্শক ভোটের পিপলস চয়েজ বিভাগে শুরুতে ভালো অবস্থানে থাকলেও শেষ মুহূর্তে শীর্ষস্থান হারান তিনি। গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও ভোটে এগিয়ে থাকা মাহি শেষ পর্যন্ত সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি।
ফলে দর্শক ভোটের মাধ্যমে সরাসরি পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ হাতছাড়া হওয়ার পাশাপাশি মূল প্রতিযোগিতার সেরা ৩০ থেকেও বাদ পড়েন বাংলাদেশের এই প্রতিনিধি। এর মধ্য দিয়ে এবারের মিস ইউনিভার্সে মাহির যাত্রার সমাপ্তি ঘটে।
কালের সমাজ/এসআর

