ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৭ সালে স্বর্ণের দাম কত হতে পারে, জানাল ব্যাংকগুলো

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ২৫, ২০২৬, ১২:৪৭ পিএম ২০২৭ সালে স্বর্ণের দাম কত হতে পারে, জানাল ব্যাংকগুলো

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর থেকে মূল্যবান এই ধাতুর দাম কমেছে প্রায় ৩৭ শতাংশ। গত ২০ নভেম্বর স্বর্ণের দাম এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এরপর কিছুটা ঘুরে দাঁড়ালেও সেই ঊর্ধ্বমুখী ধারা স্থায়ী হয়নি। তবে সাম্প্রতিক দরপতনের মধ্যেও ২০২৭ সালের শেষ নাগাদ স্বর্ণের দাম আবার বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বের কয়েকটি বড় বিনিয়োগ ব্যাংক।

বুধবার (২৫ নভেম্বর) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৪ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৪৪ দশমিক ৫৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগের দিন মঙ্গলবার দাম কমেছিল ২ শতাংশের বেশি। সোমবার প্রায় ৪ শতাংশ বাড়লেও মঙ্গলবার সেই লাভের বড় অংশ হারায় স্বর্ণ।

রয়টার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে পৌঁছেছিল। সেখান থেকে বুধবারের দর প্রায় ৩৬ দশমিক ৬ শতাংশ কম। টানা দরপতনের পর বিনিয়োগকারীদের মধ্যে এখন প্রশ্ন উঠেছে, স্বর্ণ কেনার উপযুক্ত সময় কি না, নাকি সামনে আরও দরপতন অপেক্ষা করছে।

কেন কমছে স্বর্ণের দাম
বিশ্লেষকদের মতে, স্বর্ণের দাম কমার পেছনে কয়েকটি কারণ কাজ করছে। এর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা।

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়ানোর পক্ষে অবস্থান নিচ্ছেন ফেডের কর্মকর্তারা। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস সোমবার বলেছেন, উচ্চ মূল্যস্ফীতি এখনো কঠোর মুদ্রানীতির প্রয়োজনীয়তার ইঙ্গিত দিচ্ছে।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার ০.২৫ শতাংশীয় পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৯৬ দশমিক ৪ শতাংশ। আর ০.৫০ শতাংশীয় পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৩ দশমিক ৬ শতাংশ। ফেডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালারও সুদের হার অর্ধশতাংশীয় পয়েন্ট বাড়ানোর পক্ষে মত দিয়েছেন।

সুদের হার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়। কারণ, তখন সরকারি বন্ড ও অন্যান্য সুদযুক্ত বিনিয়োগ থেকে বেশি মুনাফার সুযোগ তৈরি হয়। এতে স্বর্ণ ধরে রাখার তুলনামূলক খরচ বেড়ে যায়।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দরপতনও স্বর্ণের বাজারে চাপ তৈরি করেছে। শেয়ারবাজারে লোকসানের মুখে পড়া অনেক বিনিয়োগকারী মার্জিনের দায় মেটাতে স্বর্ণ ও রুপা বিক্রি করছেন।

ফোরেক্স ডটকমের বিশ্লেষক ফাওয়াদ রাজ্জাকজাদার মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর কঠোর অবস্থানের কারণে স্বর্ণের দাম উল্লেখযোগ্য সমর্থন পাচ্ছে না।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে ভোক্তা আস্থা প্রায় দুই বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে দেশটির অর্থনীতি নিয়ে বিনিয়োগকারীদের আশাবাদ বেড়েছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমেছে।

২০২৭ সালে কত হতে পারে স্বর্ণের দাম
স্বর্ণের দাম ব্যাপকভাবে কমলেও দীর্ঘ মেয়াদে বাজার নিয়ে আশাবাদী বড় বিনিয়োগ ব্যাংকগুলো। তাদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ স্বর্ণের দাম আবার বাড়তে পারে।

গোল্ডম্যান স্যাকস ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬৫০ ডলার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। এর আগে প্রতিষ্ঠানটির পূর্বাভাস ছিল ৪ হাজার ৮০০ ডলার।

জেপি মরগানের ধারণা, ২০২৭ সালের শেষ নাগাদ স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫০০ ডলারে পৌঁছাতে পারে। অন্যদিকে কমার্সব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, একই সময়ে দাম দাঁড়াতে পারে ৪ হাজার ১০০ ডলারে।

গোল্ডম্যান স্যাকসের অর্থনীতিবিদদের ধারণা, ফেড ২০২৬ সালের ডিসেম্বরে সুদের হার ০.২৫ শতাংশীয় পয়েন্ট বাড়াতে পারে। এরপর ২০২৭ সালের মার্চেও আরেক দফা সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এতে স্বল্প মেয়াদে ব্যক্তিগত বিনিয়োগকারীদের স্বর্ণ কেনার আগ্রহ কমতে পারে।

তবে ২০২৭ সালের ডিসেম্বরে ফেড সুদের হার কমানো শুরু করলে ব্যক্তিগত বিনিয়োগকারীদের চাহিদা আবার বাড়তে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি চীনের কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনাও দীর্ঘ মেয়াদে দাম বাড়ার অন্যতম কারণ হতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা অব্যাহত
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের কেনাকাটা থেমে নেই। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকগুলো মোট ৬৭৫ টন স্বর্ণ কিনেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ ৬ শতাংশ বেশি।

শুধু চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কেন্দ্রীয় ব্যাংকগুলো কিনেছে ৩২১ টন স্বর্ণ, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ বেশি।

অন্যদিকে স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফেও উল্লেখযোগ্য বিনিয়োগ এসেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এসব তহবিলে নতুন করে ২১১ টন স্বর্ণের সমপরিমাণ বিনিয়োগ যুক্ত হয়েছে। এতে তহবিলগুলোর মোট স্বর্ণের মজুত বেড়ে রেকর্ড ৪ হাজার ২৫৬ টনে পৌঁছেছে।

তবে স্বর্ণের বার ও মুদ্রার চাহিদা কমেছে। বছরের ব্যবধানে এই চাহিদা ১৯ শতাংশ কমে ২৬৮ টনে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে ইটিএফ থেকে অর্থ প্রত্যাহারের প্রবণতাও বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

দাম কমায় বাড়ছে কেনাকাটা
স্বর্ণের দরপতনের মধ্যেও কিছু বাজারে কেনাকাটা বেড়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারত ও চীনে স্বর্ণের বাস্তব চাহিদা বেড়েছে। দাম কমে যাওয়ায় ক্রেতারা নতুন করে বাজারে ফিরেছেন।

বিশ্লেষকদের মতে, দীর্ঘ মেয়াদে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কেনাকাটা অব্যাহত থাকা এবং ব্যক্তিগত বিনিয়োগকারীদের চাহিদা বাড়লে স্বর্ণের দাম আবারও শক্তিশালী হতে পারে।

এখনই কি স্বর্ণ কেনার সময়
স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় অনেক বিনিয়োগকারী এটিকে কেনার সুযোগ হিসেবে দেখছেন। বড় ব্যাংকগুলোর পূর্বাভাসও ২০২৭ সালের শেষ নাগাদ দাম বাড়ার ইঙ্গিত দিচ্ছে। তবে স্বল্প মেয়াদে বাজারের পরিস্থিতি এখনো অনিশ্চিত।

ফেড সুদের হার আরও বাড়ালে ডলার ও সরকারি বন্ডের আকর্ষণ বাড়তে পারে। এতে স্বর্ণের দাম ঘুরে দাঁড়ানো কঠিন হবে। পাশাপাশি শেয়ারবাজারে অস্থিরতা অব্যাহত থাকলে নগদ অর্থের প্রয়োজন মেটাতে বিনিয়োগকারীদের স্বর্ণ বিক্রির প্রবণতাও বাড়তে পারে।

তাই স্বর্ণে বিনিয়োগের আগে নিজের বিনিয়োগের সময়সীমা ও ঝুঁকি বিবেচনা করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। একবারে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ না করে ধাপে ধাপে কেনার কৌশলও বিবেচনা করা যেতে পারে। এতে বিভিন্ন দামে স্বর্ণ কেনার সুযোগ তৈরি হয়।

অর্থাৎ, দীর্ঘ মেয়াদে স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা থাকলেও স্বল্প মেয়াদে আরও দরপতনের ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্র: ইকোনমিক টাইমস

কালের সমাজ/এসআর

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!