ফেসবুকে কমেন্ট করার জের ধরে পাবনার ঈশ্বরদীতে মেরিদুল ইসলাম নামে এক ছাত্রদল নেতার ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে ঈশ্বরদী পোস্ট অফিস মোড় আরআরপি সেন্টারে অ্যাপল জেড নামের মোবাইলের দোকানে এ ঘটনা ঘটে। হামলার শিকার মেরিদুল ইসলাম ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি।
অভিযুক্তরা হলেন, অ্যাপল জেড শোরুমের স্বত্বাধিকারী ইলিয়াস রতন ও কর্মচারী সুবেল ও রাহুল। প্রত্যক্ষদর্শী ও শোরুমের সিসিটিভির ভিডিও সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে ফেসবুকে অ্যাপল জেড শোরুমের সার্ভিস নিয়ে সমালোচনা করে ফেসবুকে মন্তব্য করেছিলেন ছাত্রদল নেতা মেরিদুল ইসলাম। মঙ্গলবার দুপুর মেরিদুল অ্যাপল জেড শোরুমে মোবাইল কিনতে যান। এসময় তাকে চিনতে পেরে সামাজিক মাধ্যমে ওই মন্তব্যের বিষয়ে জানতে চান শোরুমের স্বত্বাধিকারী ইলিয়াস রতন। একপর্যায়ে মালিক ইলিয়াস রতন ও তার কর্মচারী সুবেল এবং রাহুল মিলে ছাত্রদলনেতা মেরিদুল ইসলামকে মারধর করেন। এসময় ছাত্রদল নেতা মেরিদুল ইসলাম ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চান।
খবর পেয়ে ঈশ্বরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে দোকানের সিসিটিভির ভিডিও পর্যালোচনা করে ওই শোরুমের মালিক সহ তিন কর্মচারীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঈশ্বরদী থানার (ওসি) মো. আশাদুর রহমান জানালেন, ট্রিপল নাইনের মাধ্যমে হামলার শিকার ওই ছাত্রদল নেতা থানায় যোগাযোগ করে সহযোগিতা চেয়েছিলেন তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভির ভিডিও দেখে অভিযুক্ত শোরুম মালিকসহ তিন কর্মচারীকে আটক করে থানায় আনেন। তবে উভয় পক্ষের মধ্যে বিষয়টি মিমাংসা হওয়ায় আটক তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
কালের সমাজ/কে.পি

