ঢাকা বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ডেমোক্র্যাটদের, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাচ্ছে রিপাবলিকান পার্টি

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ৪, ২০২৬, ০১:০৮ পিএম মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ডেমোক্র্যাটদের, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাচ্ছে রিপাবলিকান পার্টি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। প্রতিনিধি পরিষদ ও সিনেট-কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাকি দুই বছরের মেয়াদে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাচ্ছে রিপাবলিকান পার্টি।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে একের পর এক গুরুত্বপূর্ণ আসনে জয় পেয়ে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা। এর ফলে ২০২৭ সালের জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে দুই কক্ষের নেতৃত্ব ও আইন প্রণয়নের কার্যক্রমে প্রভাব বিস্তারের সুযোগ পাবে দলটি।

সিনেটে ডেমোক্র্যাটরা অন্তত সাতটি আসন নিজেদের দখলে নিয়েছে। এর মধ্যে ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত কানসাস, আইওয়া, টেক্সাস, ওহাইও, মেইন, নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনায় জয় পেয়েছে তারা। প্রতিনিধি পরিষদেও ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনে জয়ী হওয়া বেশ কয়েকটি আসন নিজেদের দখলে নিয়েছে ডেমোক্র্যাটরা। খবর এপি ও স্কাই নিউজের।

এই নির্বাচনের মধ্য দিয়ে ট্রাম্পের প্রশাসনের ওপর কংগ্রেসের নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে ডেমোক্র্যাটদের সামনে। দলটির নেতারা ইতোমধ্যে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং প্রেসিডেন্টের পরিবারের আর্থিক কর্মকাণ্ড নিয়ে তদন্তের কথা জানিয়েছেন। এমনকি প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর সম্ভাবনাও সামনে এসেছে।

US midterm elections 2026: Live updates and results

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের চার বছর মেয়াদের মাঝামাঝি সময়ে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিনিধি পরিষদের সব ৪৩৫টি আসন এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে এবার ভোট হয়েছে। নির্বাচনের আগে দুই কক্ষের নিয়ন্ত্রণই ছিল রিপাবলিকানদের হাতে।

তবে কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলেও ট্রাম্পের নির্বাহী ক্ষমতা ও ভেটো দেওয়ার অধিকার বহাল থাকবে। ফলে আগামী দুই বছরে হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে নীতিনির্ধারণ এবং আইন প্রণয়ন নিয়ে মতবিরোধ বাড়তে পারে।

কালের সমাজ/এসআর

Link copied!