জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে দুই দিনব্যাপী ‘জলবায়ু অভিযোজন সম্পর্কে ধারণা বৃদ্ধি’ শীর্ষক দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
১৬ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত এ প্রশিক্ষণে কুড়িগ্রাম সদর ও চর রাজিবপুর উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও যুব প্রতিনিধিসহ মোট ৪০ জন অংশগ্রহণ করেন।
‘Integrating Climate Change Adaptation into Sustainable Development Pathways of Bangladesh’ প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর (DoE) আয়োজিত এ প্রশিক্ষণে কারিগরি সহযোগিতা দেয় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) বাংলাদেশ।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক নূর আলম।
দুই দিনের প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অভিযোজন কৌশল এবং স্থানীয় পর্যায়ে জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলার বিভিন্ন পদ্ধতি নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা ও প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়।
এ সময় গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. রশিদ আলী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কুড়িগ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের প্রশিক্ষণ এলাকার তরুণদের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে।
সমাপনী অনুষ্ঠানে প্রকল্প পরিচালক খালেদ হাসান অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্র ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ স্থানীয় পর্যায়ে জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটিভিত্তিক অভিযোজন কার্যক্রম জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।
কালের সমাজ/কে.পি

