শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ ও প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ ভবনের শপথ কক্ষে জাতীয় সংসদের হুইপ জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যের একটি শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিদল ডেপুটি স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও তাদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
জাতীয় সংসদ ভবনের ঐতিহাসিক ও স্থাপত্যশৈলীর গুরুত্ব তুলে ধরে কায়সার কামাল বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক ও আধুনিক স্থাপনা। বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান ভবনটির নকশা প্রণয়ন করেন।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং পাকিস্তান আমলের বিভিন্ন ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে। দেশি-বিদেশি গবেষকেরা এসব তথ্য ও দলিল ব্যবহার করে গবেষণার জন্য এখানে আসেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে চিকিৎসক, বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে। তাই নিয়মিত মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
হুইপ জি. কে. গউছের প্রশংসা করে তিনি বলেন, তিনি অত্যন্ত ভালো মনের মানুষ এবং তাঁদের প্রিয় ব্যক্তিত্ব। অনেক কষ্ট করে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দিয়েছেন।
ডেপুটি স্পিকার বলেন, যে কক্ষে প্রতিনিধিদলটি বসে আছে, সেটি সংসদ সদস্যদের শপথ গ্রহণের কক্ষ। এখানে আসতে পারা তাঁদের জন্য সৌভাগ্যের বিষয়। এই সংসদ সবার। তিনি আশা প্রকাশ করেন, প্রতিনিধিদলের শিক্ষার্থীদের মধ্য থেকেই একদিন অনেকে জাতীয় সংসদে নেতৃত্ব দেবেন।
এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংসদে রচনা প্রতিযোগিতা আয়োজনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান ডেপুটি স্পিকার। প্রতিযোগিতার বিজয়ীদের নিজ হাতে পুরস্কার দেওয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি।
সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় তাঁরা ডেপুটি স্পিকার ও হুইপ জি. কে. গউছের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ছাড়া সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিআইপি কার্যালয় এবং জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

