ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে জাল নোট রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নোয়াখালী | নভেম্বর ১৭, ২০২৬, ১০:২৫ পিএম কোম্পানীগঞ্জে জাল নোট রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাল নোটের প্রচলন রোধ ও সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বাড়াতে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের সার্বিক সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে অগ্রণী ব্যাংক পিএলসি। বর্তমান অর্থনৈতিক লেনদেনে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের জাল নোটের প্রতারণা থেকে সুরক্ষা দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) টিটু চন্দ্র দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসির ফেনী অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মোহাম্মদ শাহজালাল। এ সময় ব্যাংকটির ফেনী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হারুন অর রশিদ ভূঁইয়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অগ্রণী ব্যাংকের বসুরহাট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখাপ্রধান মো. জাকের হোসেনের সার্বিক পরিচালনায় কর্মশালায় সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের উপপরিচালক (ক্যাশ) মো. আব্দুর রউফ ও সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

কর্মশালায় আসল ও নকল নোটের মধ্যে পার্থক্য নির্ণয়ের আধুনিক কৌশল এবং নোটের বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নোটের জলছাপ (Watermark), সুনির্দিষ্ট নিরাপত্তা সুতা, রঙ পরিবর্তনশীল কালি এবং কাগজের টেক্সচার পরীক্ষা করে কীভাবে সহজেই জাল নোট শনাক্ত করা যায়, তা হাতে-কলমে প্রদর্শন করা হয়। পাশাপাশি জাল নোটের বিস্তার রোধে ব্যাংক কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের করণীয় বিষয়গুলোর ওপর বিশেষ জোর দেওয়া হয় এবং লেনদেনের সময় যেকোনো সন্দেহজনক নোট দেখলেই তাৎক্ষণিক সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।

বিশেষজ্ঞরা মনে করেন, অপরাধচক্র সাধারণত হাট-বাজার ও জনাকীর্ণ লেনদেনের স্থানগুলোকে টার্গেট করে জাল নোট ছড়িয়ে থাকে। তাই মাঠপর্যায়ে এ ধরনের কর্মশালা সাধারণ ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত চাকরিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মশালার শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং লেনদেনে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!