ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ১৭, ২০২৬, ০৪:২৪ পিএম প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়। এর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হলো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে।

প্রাথমিক পরীক্ষার পর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে বিভিন্ন কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা চালানো হবে।

পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের সক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

সব পরীক্ষা সন্তোষজনকভাবে সম্পন্ন হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর আবারও পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হবে।

রুশ ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ পর্যায় শেষে প্রথম ইউনিটের দায়িত্ব রুশ ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী সময়ে সরকারি গেজেট বা প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং প্রতিষ্ঠান হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। সব মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কালের সমাজ/কে.পি

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!