ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আঃলীগ নেতা আব্দুল হালিম নিহত

খুলনা ব্যুরো | নভেম্বর ২৫, ২০২৬, ০৮:৪৩ পিএম খুলনা দৌলতপুরে দুর্বৃত্তদের  গুলিতে আঃলীগ নেতা আব্দুল হালিম নিহত

খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে শেখ আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে দৌলতপুর থানাধীন কল্পতরু মার্কেটের পূর্ব পাশে সড়কের ওপর এ ঘটনা ঘটে। নিহত শেখ আব্দুল হালিম উত্তর দেয়ানা এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত মোহাম্মদ আলী। তিনি ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শেখ আব্দুল হালিম রোকেয়া তেলের মিলের দিক থেকে মোটরসাইকেল চালিয়ে ঋষিপাড়ার দিকে যাচ্ছিলেন।

মোটরসাইকেলে তাঁর সঙ্গে আরও দুজন ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছোড়ে। এতে তাঁর বুকে তিনটি এবং বাম চোখের পাশে একটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে দুই রাউন্ড গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে এ হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরাদুল ইসলাম বলেন, “এটি টার্গেট কিলিং। ইতিপূর্বেই বিষয়টি আমাদের অবগত করা হয়েছিল।

তাঁকে সাবধানে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছিল। মাছের ঘেরসংক্রান্ত বিরোধসহ অন্যান্য বিষয় নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলমান রয়েছে।”ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। এলাকার বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের পরিচয় জানতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!