ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ২০, ২০২৬, ০৪:৩৯ পিএম দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি

শিক্ষার্থীদের পড়াশোনা শেষে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগানোর উপযোগী করে দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল সংস্কারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার উদ্দেশ্য শুধু সনদ অর্জন নয়; বরং শিক্ষার্থীদের দক্ষ, নৈতিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশের পর যেন যথাযথ কাজের সুযোগ পান, সে বিষয়টি শিক্ষাব্যবস্থায় গুরুত্ব দিতে হবে। শিক্ষার বিষয়বস্তু এমন হতে হবে, যা ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ জন্য জাতীয় প্রয়োজন ও সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজানো জরুরি।

ঢাকা কলেজের ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, উপমহাদেশের অসংখ্য মানুষের শিক্ষাজীবনের সঙ্গে এ প্রতিষ্ঠানের নাম জড়িয়ে আছে। তৎকালীন বাংলায় শিক্ষার প্রসারে কলেজটির শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ব্রিটিশ শাসনামল থেকে পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশেও এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রশাসন, রাজনীতি ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন।

নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি জানান, ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত তিনি ঢাকা কলেজে পড়াশোনা করেছেন। সে সময় কলেজে ছাত্ররাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকলেও শিক্ষার্থীরা গোপনে রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা চালাতেন। এমনকি শহীদ মিনারে ফুল দেওয়ার মতো কর্মসূচিও গোপনে পালন করতে হতো।


তিনি বলেন, ঢাকা কলেজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ। এ প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসা মেধাবী ও সৃজনশীল ব্যক্তিরা দেশ পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। সরকারে যে দলই থাকুক, ঢাকা কলেজের উন্নয়নে গুরুত্ব দিতে হবে।

কলেজটির আবাসন ও শিক্ষার সুযোগ-সুবিধার ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি। এসব সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি ঢাকা কলেজকে দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে শিক্ষার্থীদের ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন। এসব আন্দোলনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। ভবিষ্যতেও তাঁরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ৫৭ বছর পরও দেশের অনেক মৌলিক সমস্যার সমাধান হয়নি। আগুন-সন্ত্রাস, মানুষ হত্যা, বাসে অগ্নিসংযোগ ও কলকারখানা বন্ধের মতো ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডে শেষ পর্যন্ত দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে মানুষ সংগ্রাম করেছে, তা বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, একটি জ্ঞানভিত্তিক, নৈতিক ও মানবিক প্রজন্মই সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে।

শিক্ষকদের দায়িত্বের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, তাঁদের কাজ কেবল শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিবেক, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞান অনুসন্ধান, গবেষণা এবং সৃজনশীল চিন্তার পরিবেশ নিশ্চিত করতে হবে।

শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি গবেষণা ও সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর ওপরও জোর দেন মির্জা ফখরুল। তাঁর মতে, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ রাখলে চলবে না; তাদের চিন্তাশীল, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ভাষা, কর্ম, ঐতিহ্য ও গৌরবের চর্চাও শিক্ষার সঙ্গে যুক্ত রাখতে হবে।

আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়েও কথা বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি ও এআই বিশ্বব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে। এই নতুন বাস্তবতার সঙ্গে তাল মেলাতে শিক্ষাব্যবস্থায় প্রযুক্তি ও আধুনিক জ্ঞানের সমন্বয় ঘটাতে হবে। এআইকে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে ভাবতে হবে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তির সক্ষমতাও বাড়াতে হবে।


রাষ্ট্রপতি বলেন, যারা ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছেন, তাঁদের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তরুণ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বে যে পরিবর্তন এসেছে, তার আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন দেখতে চান তিনি।

দেশের শিক্ষার উন্নয়ন ও সাক্ষরতা বৃদ্ধিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন মির্জা ফখরুল। একই সঙ্গে শিক্ষা খাতের উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। বক্তব্যের শেষে ঢাকা কলেজের সাফল্য কামনা করেন এবং শিক্ষার্থীদের দক্ষ, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে ঢাকা কলেজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, সাংবাদিক শফিক রেহমান, রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক আহমেদ কামাল, সংসদ সদস্য ফজলুল হক মিলন ও কামরুজ্জামান রতন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক।

এ ছাড়া বক্তব্য দেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। ঢাকা কলেজ ও ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মীর সরাফত আলী সপু। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাজহারুল হক সোহান।

কালের সমাজ/কে.পি

Link copied!